ঘর খালি থাকার আগে ও পরে করণীয়

ঘর খালি থাকার আগে ও পরে করণীয়

Abdur Rahman
২৬ সেপ্টেম্বর, ২০২৬
Ruquyah

ঈদের ছুটিতে আমরা অনেকেই গ্রামের বাড়ি যাই। ফলে শহরের বাসাটি বেশ কয়েকদিন একদম খালি পড়ে থাকে। আর জনমানবহীন খালি বাসায় শয়তান বা ক্ষতিকর জ্বিনের আনাগোনা বাড়া খুব স্বাভাবিক। ​তাই ঈদে বাড়ি যাওয়ার আগে এবং বাড়ি থেকে ফিরে আসার পর আপনার প্রিয় ঘরটিকে জ্বিন, যাদু ও নজর-বদ থেকে ডিটক্স বা সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। এর জন্য কিছু শরয়ী পরামর্শ নিচে দেওয়া হলো:
​
১. ঘর ছাড়ার আগে করণীয়:

ক​. বিসমিল্লাহ বলে দরজা-জানালা বন্ধ করা: ঘর থেকে বের হওয়ার সময় প্রতিটি দরজা এবং জানালা 'বিসমিল্লাহ' বলে বন্ধ করুন। হাদিস অনুযায়ী, বিসমিল্লাহ বলে বন্ধ করা দরজা শয়তান খুলতে পারে না।

খ. ​খাবার ও পানির পাত্র ঢেকে রাখা: রান্নাঘর বা ডাইনিংয়ের সমস্ত খাবার ও পানির পাত্র 'বিসমিল্লাহ' বলে ঢেকে রাখুন। (প্রয়োজনে পাত্রের ওপর একটি কাঠি হলেও 'বিসমিল্লাহ' বলে আড়াআড়ি রেখে দিন)।

গ. ​আবর্জনা পরিষ্কার করা: ঘরে কোনো ময়লা-আবর্জনা বা উচ্ছিষ্ট খাবার রেখে যাবেন না। এগুলো অপবিত্রতা বাড়ায় এবং দুষ্ট জ্বিনদের আকৃষ্ট করে।

ঘ. ​ছবি বা মূর্তি ঢেকে রাখা/সরিয়ে ফেলা: ঘরে কোনো প্রাণীর ছবি বা শোপিস থাকলে তা সরিয়ে ফেলুন বা ঢেকে দিন। কারণ রহমতের ফেরেশতা যেখানে আসে না, সেখানে ক্ষতিকর শক্তির প্রভাব বাড়ে।
​
ঙ. ঘরে ভালোভাবে আতর বা সুগন্ধি ছিটিয়ে দিন, সুঘ্রাণযুক্ত গোলাপজল ভাল অপশন হতে পারে। সুগন্ধি জ্বিনদের কষ্ট বাড়ায় ফলে তারা সেখানে অবস্থান করতে পারে না।

​ ২. ঘরে ফিরে আসার পর করণীয় :

ক. ​সালাম ও বিসমিল্লাহ বলে প্রবেশ: ঘরে কেউ না থাকলেও প্রবেশের সময় উচ্চস্বরে বলুন— "আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন" এবং বিসমিল্লাহ বলে পা বাড়ান।

খ. ​সূরা বাকারাহ তিলাওয়াত করা: ঘরে ফেরার পর প্রথম কাজই হবে পুরো ঘরে উচ্চস্বরে সূরা বাকারাহ তিলাওয়াত করা (নিজে পড়তে না পারলে মোবাইলে বা স্পিকারে অডিও ছেড়ে দিন)। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "যে ঘরে সূরা বাকারাহ পাঠ করা হয়, সে ঘর থেকে শয়তান পালিয়ে যায়।"

গ. ​রুকইয়ার পানি স্প্রে করা: একটি পাত্রে বা স্প্রে বোতলে পানি নিয়ে তাতে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, এবং চার কুল (কাফিরুন, ইখলাস, ফালাক, নাস) পড়ে ফুঁ দিন। এরপর পুরো ঘরে সেই পানি স্প্রে করে দিন (ইনক্লুডিং টয়লেট)

ঘ. ​আজান দেওয়া: যদি ঘরে প্রবেশের পর কোনো ধরণের অস্বস্তি বা ভয়ের অনুভূতি হয়, তবে ঘরের ভেতর দাঁড়িয়ে উচ্চস্বরে আজান দিন। আজানের শব্দ শুনলে শয়তান বহুদূরে পালিয়ে যায়।

ঙ. ​নফল বা সুন্নত সালাত আদায়: ঘরে ফিরে দ্রুত কোনো একটি ফরয বা সুন্নত নামাজ আদায় করুন। ঘরকে একদম কবরস্থানের মতো নামাজহীন করে রাখবেন না।

ঘর খালি থাকার আগে ও পরে করণীয় | Prophetic Healing